সাফের আগ থেকেই সবার মুখে কথা একটাই, হামজা চৌধুরী আসলে দলের শক্তি বেড়ে যাবে। কোচ, কর্মকর্তা, ফুটবলার। সবাই চেয়েছিলেন হামজা এলেই সবার মধ্যে বাড়তি শক্তি চলে আসবে। ফুটবলের পুত্র হামজা এসেছে গতকাল খুব সকালে। আগের বার বলেছিলেন সাফ চ্যাম্পিয়ন হতে চান। এবার হামজার ঢাকায় আসা দেখে মনে হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিলেন চ্যাম্পিয়ন হবেন।
সাফের ট্রফি হাতে হামজা মঞ্চ দাঁড়াবেন, সেই স্মরণীয় ছবিটা শুধুই কি বাংলাদেশের দর্শক দেখবেন? হামজা চান তার পরিবারও দেখুক। এ কারণেই হামজা এবার তার পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় এসেছেন, বাবা ছাড়া। ভাই-বোন, মা, স্ত্রী, সন্তানসহ এক দল ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে ঢাকায় এসেছে। লম্বা ভ্রমণ পথ। ইস্তাম্বুলে তিন ঘণ্টা যাত্রা বিরতি। দুই দিন আগে ম্যাচ খেলেছেন। ক্লান্তি এমনিতেই ছিল। তার ওপর ভ্রমণ ক্লান্তি তো আছে।
সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী
ঢাকায় নেমে বিমানবন্দরে মাকে জড়িয়ে ধরে বিদায় দিলেন হামজা। হামজার পরিবার চলে যায় গুলশানের একটি হোটেলে। আর হামজা ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ফুটবলারদের সঙ্গে নাস্তা সেরে নিয়েছেন। তারপর রুমে গিয়ে লম্বা একটা ঘুম, ব্যাস। এটাই যথেষ্ট। আর বিকাল ৩টায় টিম বাসে উঠলেন অনুশীলনে চলে গেলেন।
লাঞ্চ করার দরকার মনে করেননি হামজা চৌধুরী। দরকার ছিল একটা ফ্রেশ ঘুম, তাতেই ক্লান্তি কিছুটা নেমে যায়। অনুশীলনে যাওয়ার সময় তপু বর্মন, কাজেম শাহ, সুকি, বিশ্বনাথ, রহমত মিয়া, সাদ উদ্দিন এবং কোচ থমাস ভুলি নামলেন একই লিফটে। আর হামজা আসলেন অন্য প্রান্তে কফি শপের লিফটে। বাসে ওঠার আগে হোটেলে লবিতেই বিরক্ত হামজা। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু তার লোকজনকে আগেই অপেক্ষায় রেখেছেন হামজার সঙ্গে ছবি তুলিয়ে দেবেন। হামজা কোনো কারো সঙ্গে ছবি তোলার ব্যাপারে কখনো আপত্তি করেন না।
কিন্তু গতকাল একটু বিরক্তই হয়েছেন মনে হলো। কারণ ম্যানেজার লোকটা বিমানবন্দর থেকেই হামজার গায়ের সঙ্গে লেগে থাকতে গিয়ে হামজার মনটা বিগড়ে দিয়েছেন। ম্যানেজার ফুল হাতে হামজার পেছনে পেছনে ঘোরাঘুরি করছেন। কিন্তু হামজার নজর নেই সেসবে। সেখানেই ছিলেন বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ তার কথায় ফুলের তোড়া গ্রহণ করেন হামজা। হোটেল লবিতেও দলের ম্যানেজারের একই আচরণে ভালো লাগেনি হামজার। তাই ম্যানেজারের লোকজনও ছবি তুলতে পারেননি।
হামজার সাথে নিরাপত্তার কর্মী হিসাবে দুই জন বাউন্সার দেখা গেছে। হোটেলের লিফট থেকে নামার সঙ্গে সঙ্গে বাউন্সার দুজন ঘিরে নেয় হামজাকে। আগে কখনো এটা দেখা যায়নি। লম্বা ভ্রমণ করে হামজা অনুশীলনে যাবেন এটা কোচও অনুভব করেননি। কোচ থমাস ডুলিও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন হামজাকে ছাড়াই অনুশীলন করাবেন। কিন্তু হামজা আগেই জানিয়ে দিয়েছেন তিনি অনুশীলনে যাবেন। কোচও বলেছেন, 'গুড ভেরি গুড। ইন্সপায়ারিং।'
হামজা আসায় যে খেলোয়াড়দের মধ্যে একটা আমেজ এসেছে, সেটি স্পষ্ট। রাকিব হোসেন, ফয়সাল হোসেন ফাহিম, তারিক কাজী, রহমত মিয়া, সামিত সোম, জামাল ভূঁইয়াদের মুখের ছবিটাই ইঙ্গিত দিচ্ছিল। তাদের সবার চোখেমুখে একটা বাড়তি ঝিলিক। ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে একটা সুবিধা নিয়ে এগিয়ে রয়েছে, তারপর সেমিফাইনালে ওঠাও নিশ্চিত হয়ে গেছে। সব শেষ সংযোজন দলের সবার প্রিয় ফুটবলার হামজা এসেছেন। সবকিছু মিলিয়ে অন্য খেলোয়াড়রা উজ্জীবিত।
এই কোচ একদিন আগে ইত্তেফাকের সঙ্গে আলোচনায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ৯ নম্বর পজিশনে কাকে খেলাবেন সেটি নির্ধারণ করেননি। তবে তিনি নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন। ৯ নম্বর পজিশন নিয়ে দলের মধ্যে কথা হবে। এখন সবকিছু নতুনভাবে পরিকল্পনার সময় এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়েই বসে নেই বাংলাদেশ।

